মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধূসর কালিবাড়ি এলাকা থেকে চার রাউন্ড গুলি ও রিভলবারসহ আফসার আলী বেপারী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এক বিশেষ অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্রসহ আফসারকে আটক করে র্যাব-৪ এর একটি দল।
আফসার জেলার পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামের মৃত পরাণ বেপারীর ছেলে।
র্যাব-৪ এর মেজর মাসুদুর রহমান জানান, আফসার অস্ত্র ব্যবসা, অস্ত্র ভাড়া ও সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল দুপুর পৌনে ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায়।
আফসার একটি ব্যাগ হাতে নিয়ে জাফরগঞ্জ বাজারের দিকে যাওয়ার সময় ব্যাগ তল্লাশি করে ওই গুলি ও রিভলবার পাওয়া যায়। এগুলো জব্দ ও তাকে আটক করা হয়েছে।
তাকে র্যাব-৪ এর ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হবে। তার কাছ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেলে অভিযান চালিয়ে সহযোগিদের গ্রেফতার করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে শিবালয় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
এমবি





