জলদস্যু, বনদস্যু, হরিণ শিকারসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড বন্ধে সুন্দরবনে শীঘ্রই র্যাব-৮ এর একটি ক্যাম্প স্থাপন করা হবে। এই ক্যাম্প স্থাপনের উদ্দেশে গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত সুন্দরবনের সুপতি, কচিখালী, কটকা, সুখতারা ও শ্যালা এলাকাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮) এর একটি টিম।
বরিশাল র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮) এর অধিনায়ক হাসান ইমন আল রাজীব বলেন, সুন্দরবনকেন্দ্রিক বঙ্গোপসাগর ও জলদস্যু, বনদস্যু, হরিণ শিকারসহ সকল প্রকার অপরাধ কর্মকান্ড বন্ধে সুন্দরবনে র্যাবের একটি স্থায়ী ক্যাম্প স্থাপনের প্রয়োজন।
সে লক্ষ্যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের প্রতিবেদন মহাপরিচালককে (ডিজি) অবহিত করে স্থান নির্ধারণের সিদ্ধান্ত হবে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার পূর্ব-পশ্চিমে সুন্দরবনের কটকা এলাকায় র্যাবের ক্যাম্প স্থাপন করা হলে অপরাধীদের ধরতে যেমন সহজ হবে, তেমনি অপরাধীরা খুব সহজে দস্যুতা করতে পারবে না।
এমএ





