গোপালগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন।

উপজেলার চরতালা গ্রামে শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একটি বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে।

গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে চরতালা গ্রামে টুকু শেখ ও নান্নু মেম্বার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

তিনি আরও জানান, এরই জের ধরে শুক্রবার সকাল ৬টার দিকে টুকু শেখের লোকজন দেশি অস্ত্র নিয়ে নান্নু মেম্বারের লোক অলিয়ার সিকদারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ২০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ শেখের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই