টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমা ১দিন বাড়িয়ে ৪দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি।

তাবলিগ জামাতের দু’পক্ষের বিরোধ মেটাতে আজ (০৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে উপস্থিত নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে।  কিছুক্ষণ পর বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ ব্রিফ করবেন।

ইজতেমা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তাবলিগের বিবাদমান দু’পক্ষের সিনিয়র নেতাদের নিয়ে ফের বৈঠকে বসেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।

আজ বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর দফতরে এই বৈঠক শুরু হয়েছে। এতে সাদপন্থীদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ ওয়াসিফ ইসলাম। অপরদিকে সাদবিরোধীদের পক্ষে মাওলানা জুবায়ের নেতৃত্ব দিচ্ছেন।  

এর আগে গত ৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমদফা বৈঠক শেষে ওইদিনই বিকেলে ধর্ম মন্ত্রণালয়ে দ্বিতীয় দফায় বৈঠক হয়। পরে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, আজকে সবাই একমত যে, ১৫-১৭ ফেব্রুয়ারি একত্রে টঙ্গীতে বিশ্ব ইজতেমা হবে। তবে কিছু কিছু কথা আছে সে কারণে আবারও একসঙ্গে বসতে হবে। 

এমবি