বরিশাল উজিরপুরে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার ইচলাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইসমাইল হাওলাদার (৬০) ও আবুল হাওলাদার (৪০)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। আহত চারজন মাইক্রোবাস এবং পিকআপের চালক ও সহকারী।

উজিরপুর থানার ওসি নুরুল ইসলাম বলেন, বরিশাল থেকে সুপারিবোঝাই একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। আর ঢাকা থেকে সংবাদপত্রবাহী মাইক্রোবাস বরিশালের দিকে যাচ্ছিল।

পথে ইচলাদিতে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও চারজন আহত হন।

আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশগুলো মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান ওসি।

এমকে