মাদারীপুর জেলার কালকীনী পৌরসভার মেয়র এনায়েত হোসেন (৩৫) অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার দুপুরে গুলিস্তান থেকে মাওয়া ফেরিঘাটের উদ্দেশে যাওয়া সময় এ ঘটনা ঘটে। পরে ফেরিঘাট থেকে সন্ধ্যার দিকে অজ্ঞান অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসা হয়।
এনায়েত হোসেন কালকীনী থানার দক্ষিণ জনারদন্দি গ্রামের বাসিন্দা।
মেয়রের চাচাতো ভাই সোহাগ জানান, বুধবার পৌরসভার কাজে তিনি ঢাকা আসেন। এসে মগবাজারে এক আত্মীয়ের বাসায় ওঠেন। শনিবার কাজ শেষে গুলিস্তান থেকে মাওয়া ফেরিঘাটে যাওয়ার উদ্দেশ্যে ইলিশ পরিবহন নামে একটি বাসে ওঠেন। চলন্ত গাড়িতেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি।
ফেরিঘাটে গাড়িটি পৌঁছানোর পর থেকে সবাই নেমে গেলেও তিনি না নামায় বিষয়টি অনেকের নজরে আসে। মাওয়া ঘাটের অনেকেই মেয়রকে চিনতে পেরে আবার ঢাকায় নিয়ে এসে ঢামেকে ভর্তি করান।
ঢামেকে তার পাকস্থলি পরিস্কারের পর তাকে মেডিকেলের নতুন ভবনে ৭০১ এর নম্বর কেবিনে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এএইচ





