ঢাকা-আরিচা এবং পাটুরিয়া-দৌলতদিয়া মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট দুই কিলোমিটার থেকে তিন কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে। এতে ঘরমুখো মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মানিকগঞ্জের ট্রাফিক সার্জেট কামরুজ্জামান বকুল জানান, ঈদের আগের দিন হওয়ায় সব মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে প্রচুর যানবাহনের চাপ পড়েছে। তাছাড়া মহাসড়কে বেশ কিছু অন্য সড়কের গাড়ি প্রবেশ করেছে। ফিটনেসবিহীন ওই গাড়িগুলো মাঝে মাঝে সড়কে বিকল হয়ে যাচ্ছে। এতে করে মহাসড়কে ধীরে ধীরে যানবাহন চলছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ম্যানেজার (বাণিজ্য) সালাউদ্দিন জানান, ঈদের আগের দিন ঘাটে একটু চাপ থাকে। বর্তমানে পাটুরিয়া ঘাটে প্রায় তিন কিলোমিটারের মত যানজট রয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলা করার মত পর্যাপ্ত ফেরি পাটুরিয়া ঘাটে রয়েছে। এতে করে কোনো সমস্যার সৃষ্টি হবে না। এই যানজট স্বল্প সময়ের জন্য।

বর্তমানে পাটুরিয়া ঘাটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজ চলছে।

এমআর