বরগুনার আমতলীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
আজ শুক্রবার দুপুরে উপজেলার সেকান্দার খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আমতলী-কলাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুয়াদ হোসেন (২৩) ও আবদুস সাদেক (৩০)। আহত নৌবাহিনীর সদস্যের নাম এনামুল হক।
আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, হতাহতরা মোটরসাইকেল যোগে পটুয়াখালী থেকে কলাপাড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে সেকান্দার খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাস তাদের মোটরসাইকেল চাপ দেয়। এতে ঘটনাস্থলেই ফুয়াদ ও সাদেক নিহত হন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় এনামুলকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করলেও চালক ও সহযোগী পালিয়ে গেছে।
এমবি





