রাজধানীর হাজারিবাগের বৌবাজার বস্তিতে আগুনের ঘটনায় মারিয়া আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির ভাই সোলেমান (৫) মারাত্মক দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

হাজারিবাগের বৌবাজার বস্তিতে বুধবার বিকালে রিকশাচালক ওমর আলীর ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। পরবর্তী সময়ে তা ছড়িয়ে পড়লে বস্তির ২২টি ঘর পুড়ে যায়।

মারিয়া আক্তারের বাবার নাম ওমর আলী, মা শারমিন আক্তার। তারা ওই বস্তিতে ভাড়া থাকতেন। ওমর আলীর বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, সোলেমানের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

হাজারিবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) মাইনুল ইসলাম বলেন, বুধবার বিকাল ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে বস্তির ২২টি ঘর পুড়ে যায়।

তিনি আরও বলেন, আগুনে মারিয়া আক্তার নামে এক শিশু সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। লাশটি আমাদের জিম্মায় এনে তা এখন পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মারিয়া আক্তারের মামা জসিম উদ্দিন বলেন, বস্তির ওই ঘরে দুই ভাই-বোন ছিল। তাদের বাবা ও মা ওই সময় বাইরে ছিল। কিভাবে ঘরে আগুন লাগে তা জানা যায়নি। আগুন লাগার পর তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মারিয়া আক্তার মারা যান। দগ্ধ সোলেমানকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

কেএইচ