বাগেরহাটের সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী জাহাজ ডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সমুদ্র পরিবহণ অধিদপ্তর। কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ছাড়া তেলবাহী ট্যাংকার এমভি ওটি সাউদার্ন স্টার সেভেন উদ্ধারের জন্য তিনটি জাহাজ পাঠানো হয়েছে। এর মধ্যে দুইটি জাহাজ (নির্ভীক ও প্রত্যয়) উদ্ধার কাজ করবে এবং কাণ্ডারি-১০ নামের জাহাজ পানি দূষণমুক্ত করার জন্য এক ধরনের বিশেষ পাউডার ছিটাবে।
বুধবার সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘ধাক্কা দেওয়া জাহাজটিকে ইতিমধ্যে সনাক্ত করা হয়েছে। জাহাজটির নাম এমভি টোটাল। ডুবে যাওয়া জাহাজটিতে তিন লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার তেল ছিল। যা গোপালগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা হচ্ছিল।’
এ ঘটনা তদন্তে সমুদ্র পরিবহণ অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহম্মেদকে আহ্বায়ক, সমুদ্র পরিবহণ অধিদপ্তর খুলনা অভ্যন্তরীণ জাহাজ পরিদর্শক মো. আবু জাফরকে সদস্য সচিব এবং ওই অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেফটি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মাঈনউদ্দিনকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রী বলেন, সুন্দরবনের পরিবেশ রক্ষায় ওই চ্যানেল ভবিষ্যতে বন্ধ করা হবে। তবে এখন করা যাচ্ছে না। কারণ এখন করলে ভারতে সঙ্গে আমাদের নৌ যোগাযোগ বন্ধ হবে। এ জন্য এখন বন্ধ করা যাচ্ছে না।’
ইআর





