পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন বলেছেন, ‘বর্তমান সরকার শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুত্ব ও জাতীয় বাজেটে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। সারা পৃথিবী যখন মন্দার মধ্যে শ্রমিক ছাঁটাই করছে, আওয়ামী লীগ সরকার সেই সময় শিক্ষক নিয়োগ করে স্কুলগুলো সরকারিকরণ করছে। চেষ্টা করে যাচ্ছে শিক্ষার মান উন্নয়নের জন্য।’
বৃহস্পতিবার ঠাকুরগাঁও সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
২০২০ সালের মধ্যে এ দেশের শিক্ষার মান আরও বেশি উন্নত হবে বলেও অনুষ্ঠানে আশা প্রকাশ করেন এ সংসদ সদস্য।
শিক্ষার্থীদের উদ্দেশে রমেশ চন্দ্র বলেন, ‘আমাদের জীবনে শিক্ষার কোন মাপকাঠি নেই, জীবনে কখন কোন শিক্ষাটি কাজে আসবে তা বলা যায় না। শিক্ষা সমগ্র মানব সমাজ ও রাষ্ট্রে বিস্তৃত। তোমাদেরকে যে শিক্ষার্জন করতে হবে সেটা হলো বেঁচে থাকার, জাতিকে উন্নত করার ও দেশকে উজ্জ্বল করার শিক্ষা। যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে নেমে ছিলেন সোনার ছেলেরা। তারা যদি সেদিন যুদ্ধে না যেতেন, তাহলে আজ আমরা দিন বদলের কথা বলতে পারতাম না।’
তিনি আরও বলেন, ‘আগে মানুষকে আলু খাওয়ার পরামর্শ দেয়া হতো। তবে বর্তমান সরকার মানুষের পেঠের ভাতের ব্যবস্থা, কাপড়ের অভাব মোচন ও নিশ্চিত মনে রাতের ঘুমের ব্যবস্থা নিশ্চিত করেছে। আজ বাংলাদেশের কাপড় হাটেঘাটে সমগ্র বিশ্বে পাওয়া যায়।’
তিনি জানান, কৃষিখাতে, স্বাস্থ্যখাতে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকের হাতের কাছে সার পৌঁছানোর ব্যবস্থা করছে।
ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল ওয়াহেদ, পুলিশ সুপার ফয়সল মাহমুদ, সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, শিক্ষক আবু খায়েল মো. আব্দুল মজিদ, রফিকুল ইসলাম, আখতারুল ইসলাম।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





