লিবিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ শুক্রবার ভোরে দেশে পৌঁছেছে। ভোর সাড়ে ৫টার দিকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে লাশ দুটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে পৌনে ৭টার দিকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ মিলন ও মোহাম্মদ স্বপন। বিমানবন্দরে লাশ গ্রহণ করেন আব্দুল কুদ্দুস।

এসময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আজহারুল হক ৩৫ হাজার টাকার দুটি চেক হস্তান্তর করেন। এছাড়া ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড তিন লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। লাশ হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) মহসীন আলী।

লিবিয়ার বেনগাজি শহরে গত ২১ শে জুন স্থানীয় সময় রাত সোয়া ১০টায় একটি পানি বিশুদ্ধকরণ কারখানার আবাসিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন মিলন ও স্বপন।

ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ সেখানে কর্মরত ৩২ বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এর আগে ফেব্রুয়ারি ও মার্চে বেনগাজিতে গুলিবিদ্ধ হয়ে আরো ৩ বাংলাদেশি নিহত হন।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই