টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত আজিমুশ্বান ওয়াজ মাহফিলে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।

মঙ্গলবার দুপুর ৩টায় একই স্থানে দুটি সংগঠনের ওয়াজ মাহফিল ও সমাবেশ ডাকায় সোমবার রাতে জেলা ম্যাজিষ্ট্রেট ১৪৪ ধারা জারি করেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. মাহবুব হোসেন জানান, আজিমুশ্বান ওয়াজ মাহফিল উদযাপন কমিটি নামে একটি ইসলামী পীর সংগঠন মঙ্গলবার দুপুর ৩টায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে ওয়াজ মাহফিলের আয়োজন করে।

পরে টাঙ্গাইল অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটিও একই সময়ে একই স্থানে সমাবেশের ঘোষণা দেয়। এতে করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় আজ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তবে সকাল থেকে পৌর উদ্যানে আশপাশে কোনো আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে দেখা যায়নি। উদ্যানে সাধারণ জনগণের আনাগোনা স্বাভাবিক রয়েছে।

এদিকে আজিমুশ্বান ওয়াজ মাহফিল উদযাপন কমিটি তাদের পূর্ব ঘোষিত ওয়াজ মাহফিল শহরের পাড় দিঘুলিয়া জামে মসজিদ প্রাঙ্গণে করার কথা জানিয়েছে।

এআর