রাজধানীতে কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনকে আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটির প্যানেল মেয়রকে যুগ্ম-আহ্বায়ক করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। গতকাল এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
আজ (১০ সেপ্টেম্বর) নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন রাজধানীর যানজট নিরসনে গঠিত কমিটির সফলতা আগামী ২ বছরের মধ্যে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি স্থানীয় সরকার বিভাগ জারি করে। রাজধানীর গণ-পরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে গঠিত বাস রুট রেশনালাইজেশন বিষয়ে গঠিত হয় এই কমিটি।
কমিটির বাকী সদস্যরা হলেন- বিআরটিএ-এর চেয়ারম্যান, বিআরটিসির চেয়ারম্যান, রাজউক চেয়ারম্যান, ডিএমপি কমিশনার, গণ-পরিবহন বিষয়ে বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক।
প্রজ্ঞাপনে কমিটিকে কিছু কার্যপরিধি ঠিক করে দেয়া হয়েছে সেগুলো হচ্ছে, ঢাকা মহানগরীর যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তনের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মরহুম মেয়র আনিসুল হকের গৃহীত পদক্ষেপগুলো বিবেচনায় নিয়ে কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় করা।
সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে বাস রুট রেশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন করা।
বাস রুট রেশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তনের রোড ম্যাপসহ সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন করা। বর্ণিত বিষয়ের সাথে সম্পৃক্ত অন্যান্য কার্যক্রম সম্পাদন করা।
কমিটির কার্যক্রমে অগ্রগতি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে নিয়মিতভাবে অবহিত করা। এছাড়া প্রজ্ঞাপনে এই কমিটি দায়িত্ব পালনে প্রয়োজনে যে কাউকে কো-অপ্ট করতে পারবে বলে জানানো হয়।
নগরভবনে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সমন্বয় কমিটির সদস্য সচিব খন্দকার রাকিবুর রহমান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল প্রমুখ।
এমবি





