আওয়ামী লীগ সরকারের ক্ষমতার লাগাম টেনে ধরতে নেতাকর্মীদের এগিয়ে আসার অনুরোধ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলে রেখে আওয়ামী লীগ দুর্নীতির মাধ্যমে জনগণের সম্পদ লুট করছে। আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা চরম পর্যায়ে পৌঁছেছে, এদের লাগাম টেনে ধরতে হবে। যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়াতে হবে।’
সোমবার চট্টগ্রাম মহানগর তাঁতী দলের নবগঠিত কমিটির নেতারা আমীর খসরুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এসময় তিনি এসব কথা বলেন। এসময় তাঁতী দলের নতুন কমিটির নেতারা নগর বিএনপির সভাপতি আমীর খসরু ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আমীর খসরু বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে বিদেশে আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে এই সরকারের সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে বিদেশি দাতা সংস্থা ও রাষ্ট্রগুলো অনীহা প্রকাশ করছে। দেশে রপ্তানি বাণিজ্য কমে এসেছে, নতুন বিনিয়োগ বন্ধ, এই অবস্থা চলতে থাকলে সম্ভাবনার এই বাংলাদেশ সামনে কঠিন পরিস্থিতিতে পড়বে।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, তাঁতীদল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মুহাম্মদ আফিল উদ্দিন আহমদ, সদস্য সচিব এস এম তারেক, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আব্দুল জলিল, শহীদুল ইসলাম রানা, আরিফ চৌধুরী ছোটন, গোলাম রব্বানী মানিক, সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন জাহেদ আনসারী, শহীদুল ইসলাম রিন্টু, মমতাজ উদ্দিন, মিন্টু দাশ, আব্দুর রহমান, মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ নুরুল ইসলাম, মো. সরওয়ার, মুহাম্মদ হাসান, মুহাম্মদ জাকির, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ রুহুল আমিন, কে এম জিয়া, মজিবুল হক, মুহাম্মদ হারুন, মো. সাইফুল, মুহাম্মদ জিয়া মুহাম্মদ শামীম, আবুল হোসেন প্রমুখ।
জেআই





