অপহরণের ১ মাস পর অবশেষে মুক্তি পেল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙ্গামাটি শাখার সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমা।
রাঙ্গামাটির কতুকছড়ি বাজার এলাকা থেকে অস্ত্রের মুখে অপহরণের প্রায় ৩১ দিন পর গতকাল বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর এলাকায় অপহৃতদের অভিভাবক ও স্থানীয় মুরব্বীদের কাছে তাদের মুক্তি দেয়া হয়।
ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা বিষটি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌনে আটটায় খাগড়াছড়ি শহরের এপিবিএন স্কুল গেট থেকে তাদের মুক্তি দেয়া হয়েছে। তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছাড়া পাওয়ার পর তারা অভিভাবকদের সঙ্গে বাড়ির পথে রওনা দিয়েছেন বলেও জানান তিনি।
মুক্তি পাওয়ার বিষয়টি মন্টি চাকমার বড় ভাই সুভাষ চাকমাও নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে চাননি তিনি।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো বলেন, হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মুক্তি পেয়েছে বলে শুনেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
প্রসঙ্গত, গেল ১৮ মার্চ সকালে রাঙ্গামাটির কতুকছড়ি বাজার এলাকা থেকে অস্ত্রের মুখে তুলে নেয়া হয় ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙ্গামাটি শাখার সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমাকে। অপহরণের জন্য ইউপিডিএফ ও হিল উইমেন্স ফেডারেশন প্রতিপক্ষ ইউপিডিএফ-গণতান্ত্রিককে দায়ী করে আসছিল।
জেড





