চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাঁশবাড়িয়া এলাকার পথচারী মনিকা রানী দাস (৪৫), নগরীর বহদারহাট এলাকার মো. নাসের (৬০) ও পাঁচলাইশ থানার বালুচরা এলাকার সোলেমান (৫০)।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই  মনিরুজ্জামান জানান, আত্মীয়ের মৃত্যুর খবরে একটি মাইক্রোবাসে (চট্ট-মেট্র-চ-১১৪৬৪২) করে ৮জন বারইয়ারহাট যাচ্ছিলেন।পথে ওই এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ওই পথচারী ও মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান। স্থানীয়রা আহত ৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছে।

খবর পেয়ে ৩ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান এসআই মনিরুজ্জামান।

এমবি