গণপিটুনিতে আহত শারীরিক প্রতিবন্ধী ইদ্রিস আলী (২৫) পুলিশ হেফাজতে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে।
নিহত ইদ্রিস আলী ঢাকার নবাবগঞ্জ উপজেলার চকোরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
এলাকাবাসীর ভাষ্য, উপজেলার বালুখণ্ড এলাকায় ইঞ্জিনচালিত নৌকা চুরির অভিযোগে গত রোববার রাত দুইটার দিকে ইদ্রিস আলীকে গণপিটুনি দেয় জনতা। গতকাল সোমবার ভোরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নবাবগঞ্জ থানার পুলিশ জানায়, ইদ্রিসকে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁকে থানায় নেওয়া হয়। সন্ধ্যার দিকে ইদ্রিসের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাঁকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১১টার দিকে তিনি মারা যান।
নিহত ইদ্রিস আলীর ফুপা মো. সুমন আলীর অভিযোগ, ইদ্রিসকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে পেটানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান তিনি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, গণপিটুনিতে গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিসের মৃত্যু হয়। নিহতের মা সুফিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত ৫০-৬০ জনের নামে নবাবগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।
জেএ





