নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় আরও ২ জনের লাশ উদ্ধার হয়েছে। এরমধ্যে ১ জন শিশু ও ১ জন পুরুষ রয়েছেন। আজ মঙ্গলবার (২২ মার্চ) সকালে দুর্ঘটনাস্থলের কিছুটা দূরে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এ দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জনে। এখনও নিখোঁজ রয়েছে ২ জন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ নৌ পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া ২ জনের মধ্যে ১ জনের নাম জাবেদ। আর শিশুটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গত রোববার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আশরাফ উদ্দিন নামের একটি যাত্রিবাহী লঞ্চকে ধাক্কা দেয় রূপসী-৯ নামের একটি কার্গো। এতে লঞ্চটি নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর আল আমীন নগর এলাকায় শীতলক্ষ্যায় নদীতে ডুবে যায়। এ ঘটনায় অনেকে সাঁতরে তীরে উঠলেও ১২ জন নিখোঁজ ছিলো। এ ঘটনায় বিআইডব্লিওটিএ দুইটি মামলা করেছে।
এদিকে রূপসী-৯ নামের কার্গো জাহাজের মাস্টার-ড্রাইভার গ্রিজার ইঞ্জিনিয়ারসহ ৮ জনকে আটক করে আদালতে পাঠালে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালত তাদের তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেয়।
এবিএস





