আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ রাজাকার ছিলেন বলে দাবি করেছেন বঙ্গবন্ধুর নাতি, সাবেক মন্ত্রী মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর পুত্র, সংসদের হুইপ লিটন চৌধুরীর ছোট ভাই মজিবুর রহমান নিক্সন চৌধুরী।

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চর ভদ্রাসন) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। কাজী জাফরুল্লাহ নিজে ও তার বাবা কাজী মাহাবুব উল্লাহ পাক বাহিনীর খাবার সরবরাহ করতেন বলেও দাবি করেন তিনি।

শনিবার বিকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের নতুন ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

নিক্সন চৌধুরী বলেন, ‘কাজী জাফরুল্লাহর বাবা কাজী মাহাবুব উল্লাহ নিজের জীবন নিয়ে ‘সেই যে আমার নানান রঙ্গের দিনগুলি’ নামে একটি বই লিখেছিলেন। সেই বইয়ে তিনি লিখেছেন, ‘আমার ছেলে কাজী জাফরুল্লাহ ১৯৭১ সালে ধানমণ্ডির ২৭ নম্বর বাসায় বসে পাকিস্তানি সেনাদের খাবার সরবরাহ করতো।’

তিনি বলেন, ‘কেউ পাক সেনাদের রাস্তা দেখিয়ে দিয়ে থাকলে তার ফাঁসি দেয়া হয়। আর জাফরুল্লাহ পাক সেনাদের পেট ভরে খাইয়ে মা-বোনের ইজ্জত লুঠেছে। তাহলে তার (জাফরুল্লাহর) কী হওয়া উচিৎ?’

চরভদ্রাসন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, প্রবীণ স্কুল শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় চরভদ্রাসন উপজেলা ভাইস চেয়ারম্যান কওসার হোসেন ও ইউনিয়ন বিএনপি নেতা ফরহাদ হোসেন, আনোয়ার হোসেন ও লুৎফর রহমানের নেতৃত্বে ওই ইউনিয়নের সহস্রাধিক বিএনপির নেতাকর্মী-সমর্থক আওয়ামী লীগে যোগদান করেন।

এসময় ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান  শাহাদত হোসেন, চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা ও মোশাররফ হোসেন মুশা (ভিপি মুশা) বক্তব্য দেন।

জেআই