সরকারি কর্মকর্তাদের উদ্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষকে ভালবেসে দেশের উন্নয়নে কাজ করুন।

মঙ্গলবার সকালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীর ৯২ ও ৯৩ তম আইন ও প্র্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।

জনগণের উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা ব্যবসা করতে আসিনি। সাধারণ মানুষের জীবন মান যেন উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বলেন, মনে রাখবেন আপনারা জনগণের সেবক। আমি নিজেও যেদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিলাম, সেইদিনই ঘোষণা দিয়েছিলাম আমরা জনগণের শাসক না জনগণের সেবক হিসেবে কাজ করব।

তিনি বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

প্রশাসনিক কর্মকর্তারা রুটিন কাজের বাইরে নিজেদের সৃষ্টিশীল ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাবেন বলেও এ সময় আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী কোর্সে উত্তীর্ণদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এমকে