দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সোমবারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সারা দেশে ৫২টি পয়েন্টে নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং ৩৩টি পয়েন্টে কমেছে। এছাড়া ১৫টি পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘন্টা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে। অন্যদিকে আগামী ৪৮ ঘন্টায় সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, জামালপুর, টাঙ্গাইল, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ি এবং মুন্সিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। সাতক্ষীরা জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় কাউনিয়ায় সর্বোচ্চ ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিলেটে ৭৭ মিঃমিঃ, সুনামগঞ্জে ৭২ মিঃমিঃ, শেওনায় ৬৬ মিঃমিঃ, কানাইঘাটে ৫৯ মিঃমিঃ এবং খুলনায় ৬০ মিঃমিঃ বৃষ্টিপাত হয়েছে।
এআর





