বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় ককটেল ফাটিয়ে রাশেদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের দুই হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে রামদার কোপে রাজিব নামে আরেক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের ফুলবাড়ি শিক্ষার্থী ছাউনির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাশেদুল ও রাজিব নামে দুই যুবক শহরের ফুলবাড়ি শিক্ষার্থী ছাউনিতে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে ককটেল বিষ্ফোরণ ঘটায়। পরে তারা রাশেদুলকে ধরে দুই হাত-পায়ের রগ কেটে দেয়। এ সময় রাজিব তাকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।
আহত অবস্থায় দুজনকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাশেদুলের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, রাশেদুলের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে মামলা রয়েছে। আর এ ঘটনায় সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এআই





