এবার লালমনিরহাটে ৩৯৭ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সনাতন ধর্মীয়দের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে লালমনিরহাটের মণ্ডপে মণ্ডপে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমাশিল্পীরা। এ শারদীয় দুর্গোৎসব শুরু হতে আর অল্প কয়েক দিন বাকি রয়েছে।

লালমনিরহাট জেলা পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, প্রতিবছর ঘুরে আসে সনাতন ধর্মীয় অনুসারীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ভক্তদের জন্য পূজা উদযাপন কমিটির তত্ত্বাবধানে দিনরাত নিরলসভাবে পরিশ্রম করছেন প্রতিমা তৈরির শিল্পীরা। সনাতন ধর্মীয় পূজারি ও ভক্তদের সামনে আকর্ষণীয় শৈল্পিক কারুকার্যের মাধ্যমে প্রতিমার সাজসজ্জা করতে সূক্ষভাবে কাজ করছেন শিল্পীরা।

লালমনিরহাটের প্রতিমাশিল্পী সুরেশ মালী বলেন, একটি প্রতিমা তৈরি করতে ৩ থেকে ৪ জনের একটি গ্রুপকে ১০ থেকে ১২ দিন সময় লাগে। আমরা ৭টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ করছি। প্রতিমা তৈরি করে প্রত্যেকে ১৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আয় করে থাকেন।

অন্য শিল্পী রবীন্দ্রনাথ রায় বলেন, প্রতিমা তৈরি করে আমরা আনন্দ পাই যখন ভক্তরা তার প্রশংসা করেন। প্রতিমা তৈরির রঙ, চুলসহ প্রয়োজনীয় সামগ্রীর মূল্য আগের তুলনায় কিছুটা বেড়েছে। তিনি আরও বলেন, দুর্গাপূজার আয়োজন প্রায় ৩ মাস আগে থেকে প্রস্তুতি নিতে হয়। এছাড়া লক্ষ্মী, কালীপূজার প্রতিমা তৈরির কাজও একই সঙ্গে করতে হয়। এ সময়ে প্রতিমা তৈরির শিল্পীদের ব্যস্ত থাকতে হয়।

লালমনিরহাট পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রদীব কুমার রায় বলেন, প্রতিবছরই এ জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন হয়ে থাকে। এবারও গত বছরের তুলনায় ব্যাপক প্রস্তুতি চলছে। তবে গত বছরের তুলনায় এ বছর ১১টি পূজামন্ডপ বেড়ে ৩৯৭টিতে পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর কথা উল্লেখ করে বলেন, প্রত্যেক পূজামণ্ডপে সনাতন ধর্মের অনুসারীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উৎসব পালনে বিভিন্ন মোবাইল টিম রয়েছে। আশা করি, কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে না।

লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, এবার পাটগ্রামে ২৪টি, হাতীবান্ধায় ৬৩টি, কালীগঞ্জে ৭৭টি, আদিতমারীতে ৯৮টি ও লালমনিরহাট সদরে ১৩৫টি পূজামণ্ডপে সনাতন ধর্মীয়দের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি চলছে। এসবে আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তার সেতুবন্ধন তৈরির লক্ষ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই