ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে চলছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। প্রতিদিনই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ঐতিহ্যবাহী এ বাণিজ্য মেলা। মেলায় এবারই প্রথম স্থান পেয়েছে 'তারুণ্য' নামের একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠনের বিভিন্ন সেবাদানকারী স্টল।
ময়মনসিংহের মেয়র মো: ইকরামুল হক টিটু’র সহযোগীতায় ও তারুণ্য সদস্যদের নিরলস প্রচেষ্টায় এ সংগঠনটি মেলায় আগত সকল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে।
অরাজনৈতিক দাবীদার এ সংগঠনটি মেলায় আগত দর্শনার্থীদের জন্য ব্লাড গ্রুপিং, ব্লাড ডোনেট, ব্লাড প্রেসার মাপা, মেডিকেল চেকআপ, ওজন ও উচ্চতা মাপাসহ বিভিন্ন ধরনের সুবিধা বিনামূল্যে প্রদান করছে। ফলে প্রচুর দর্শনার্থী এ স্টলে এসে ভীড় করছে এবং সেবাসমূহ গ্রহণ করছে।
দর্শনার্থীরা তরুণদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে তারুণ্য সদস্যদের ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।
স্টলের বিষয়ে তারুণ্যের স্বেচ্ছাসেবকদের জিজ্ঞাসা করা হলে তারা বলেন, বিভিন্ন ধরনের গণসচেতনতা ও তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তাছাড়া মেলায় আগত দর্শনার্থীদের রক্ত দেয়ার উপকারিতা বুঝানো হচ্ছে এবং রক্তদানে ইচ্ছুক ব্যক্তিদের নামের তালিকা করা হচ্ছে।
ইতিমধ্যে 'তারুণ্য' সংগঠনটি ঈদে সুবিধা বঞ্চিত শিশুদের নতুন জামা প্রদান, শিশু দিবসে দিনব্যাপী শিশুদের নিয়ে বিনোদন, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সচেতনতামূলক অনেক প্রোগ্রাম করেছে। পথ শিশু ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল পরিচালনা করছে বলে জানান 'তারুণ্য' সদস্যরা।
কেএইচ





