প্রতিবন্ধীদের আইনি সহায়তার লক্ষে সকল আদালত, থানা ও কারা দপ্তরে ইশারা প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তা দোভাষী রাখার দাবি জানিয়েছেন জাতীয় বধির সংস্থা।

আন্তর্জাতিক বধির সপ্তাহ ২০১৫ উপলক্ষে সোমবার বাংলাদেশ জাতীয় বধির সংস্থা আয়োজিত র‌্যালি ও মানববন্ধনে এ দাবি জানানো হয়। ‘ইশারা ভাষায় অধিকার সুরক্ষা, শিশুর ও অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

সংস্থার চেয়ারম্যান তৈমুর আলম খন্দকার বলেন, শ্রবণ ও বাকপ্রতিবন্ধীদের জন্য সরকারী ও বেসরকারী সকল চিকিৎসা কেন্দ্রে ইশারা বাষার দোভাষী কর্মকর্তা রাখরে হবে।

বাংলাদেশ জাতীয় বধির সংস্থার আহবায়ক মনোয়ার হোসেন বলেন, বধিরদের জন্য সকল কর্মক্ষেত্রে সুবিধার জন্য এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সকল কর্মক্ষেত্রে বধিরদের সহযোগী হিসেবে একজন প্রশিক্ষণ প্রাপ্ত লোক দেয়া হউক।

তিনি বলেন, আমরা চাই সরকার বধিরদের অধিকার রক্ষায় এগিয়ে আসবেন এবং কর্মক্ষেত্রে একজন করে সহযোগী দিয়ে বধিরদের অধিকার নিশ্চিত করবেন।

মানববন্ধনে বিটিভির ইশারা উপস্থাপক মনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জাতীয় বধিব হাইস্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলামসহ প্রত্যেক উপজেলার সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এমএ/ এআর