পূর্ব বিরোধের জের ধরে নিজ দলীয় প্রতিপক্ষের গুলিতে খুন হয়েছেন আওয়ামী লীগ কর্মী সাইফুল ইসলাম।

শনিবার দুপুরে সদর উপজেলার মোটবি ইউনিয়নের লস্করহাট এলাকার গোলার হাটে এ হত্যার ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগের কর্মী। তিনি ২০১৩ সালে ফেনী মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার চার্জশিটভূক্ত আসামি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে গোলার হাটের একটি চা দোকানে বসে চা পান করার সময় সাইফুল ইসলামকে স্বদলীয় প্রতিপক্ষের কর্মীরা কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ কর্মী সাইফুলের সঙ্গে স্বদলীয় কর্মী আনোয়ার, জামাল, মনসুর, শাহ আলম, লিটনের বিরোধ চলছিল। এর জের ধরে তারাই দুপুরে মোটরসাইকেলে করে এসে সাইফুলকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপতাল মর্গে প্রেরণ করেছে।

ফেনী মডেল উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক আওয়ামী লীগকর্মী খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জেআই