নড়াইলে ভাষার মাসে এসএসসি পরীক্ষা চলাকালে কনসার্টের আয়োজন করায় নানা সমালোচনার ঝড় বইছে। ইতোমধ্যে সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ অনুষ্ঠানের বিরূদ্ধে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
শুধু তাই নয় নড়াইল শহর সহ জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এ নিয়ে নানমুখি গুঞ্জন চলছে। ভাষা শহীদদের আত্মত্যাগের এই শোকাবহ মাসে গান, বাজনা সহ অপু বিশ্বাসের ডান্স-শো মেনে নিতে পারছেন না সাধারণ জনগন।
যদিও সুবিধা বঞ্চিতদের সাহায্যের জন্য এ কনসার্ট করা হচ্ছে বলে প্রচার করা হচ্ছে। নড়াইল শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে আগামী ২৩ ফেব্রুয়ারী অপু বিশ্বাস সহ বিভিন্ন শিল্পীর আগমনে এ কনসার্ট হবে বলে প্রচার ও টিকিট বিক্রি করা হচ্ছে।
একেতো ভাষার মাস, তারপর আবার এসএসসি পরীক্ষা চলছে। তার মধ্যে এ ধরনের বিনোদনকে কেউ ভালো ভাবে নিচ্ছেন না। তাই এ অনুষ্ঠান ও আয়োজকদের প্রতি ভক্তি শ্রদ্ধার কোন কমতি নেই।
তবে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক ও দেশ প্রেমিক জনসাধারনের মধ্যে এ নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে। আর এই অনুষ্ঠানের প্রচার মাইকের শব্দ দূষনে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বড়ই নির্যাতনে আছে।
অনেকেই মন্তব্য করছেন এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা ভালো। তবে সেটা ভাষার মাস ও পরীক্ষা চলাকালে নয়। ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে এবং এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে মাত্র কয়েকটা দিন পর অনুষ্ঠান করলে ভালো হয়।
অনুষ্ঠানে দর্শক শ্রোতা টানার জন্য এবং টিকিট বিক্রির জন্য কমপক্ষে ১০ টি প্রচার মাইক ছাড়া হয়েছে। তারা রাত দিন ২৪ ঘন্টা গলা ফাটিয়ে মানুষের ঘুম হারাম করে দিচ্ছে।
বাড়িয়ে দিচ্ছে রোগির যন্ত্রনা। অশান্তি ও দুশ্চিন্তা বাড়ছে পরীক্ষার্থী ও তাদের পরিবারে। সচেতন মহল ভাষার মাসে এ ধরনের অনুষ্ঠান বন্ধ রেখে পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দেয়ার সুযোগ সৃষ্টি করার আকুল আবেদন জানিয়েছেন।
হুমায়ুন/এমআর





