ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে সাঁওতাল পরিবারের বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের একটি খাস জমিতে কয়েকদিন আগে সাঁওতালরা সহ ৯টি ভূমিহীন পরিবার টিনের চালা দিয়ে বাড়ির নির্মাণ কাজ শুরু করে। সোমবার রাতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে সাঁওতালদের মারপিট করে টিনের চালা গুড়িয়ে দেয়। এবং বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পীরগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঠাকুরগাঁও পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

 

এর আগে গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলা, হত্যা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জে রংপুর চিনিকলের জমি উদ্ধারকে কেন্দ্র করে সাঁওতালদের উপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কয়েকজন সাঁওতাল গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে শ্যামল হেমরম ও মঙ্গল মার্ডী মারা যান। এ ঘটনায় অজ্ঞাত ৬০০ জনকে আসামি করে মামলা হয়।

 

পারভেজ/জারিফ