প্রকল্পে অর্থায়নে জাপানের সঙ্গে যৌথভাবে একটি অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি করার প্রস্তাব দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকায় নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সৌজন্য সাক্ষাতে এলে এ প্রস্তাব দেন প্রতিমন্ত্রী। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী জাপানের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ‘পরিকল্পনা অনুসারে গৃহীত প্রকল্পে আগামী ৫ বছরে আরও ৩০ বিলিয়ন মার্কিন ডলার লাগবে। যৌথভাবে একটি অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি করা যেতে পারে। এতে বাংলাদেশের অর্থ ও সময় উভয়ই সাশ্রয় হবে। এ জন্য বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটকে (বিপিএমআই) আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান করতে সহযোগিতা করতে পারে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)।’
নসরুল হামিদ বলেন, ‘স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা প্রয়োজন, যা সবখাতকে নেপথ্যে থেকে এগিয়ে নিয়ে যাবে। জ্বালানি খাতের (গ্যাস ও তেল) বিস্তারিত মহাপরিকল্পনা নেওয়া ও বাস্তবায়নে সহযোগিতা করতে পারে জাপান।’
এইচএম





