রাঙামাটি শহরের যুব উন্নয়ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটো রিক্সা সড়কের উপর উল্টে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতরা হলেন-মো. আমান উল্লাহ (২২), মো. রেজাউল (৩৫), মো. রায়হান (২৩) ও লুম্বীনি চাকমা (৫)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে শহরের যুব উন্নয়ন অধিদপ্তর এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে। দূর্ঘটনার পরপর অটোরিক্সার চালক পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাত আনুমানিক ৯টার দিকে শহরের যুব উন্নয়ন এলাকায় একটি অটোরিকশা সড়কে উল্টে গেলে অটোরিকশার ভেতর থাকা পাঁচ যাত্রী আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক নামে ওই ব্যক্তি মারা যান।

রাঙামাটি সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. শুভ্রসোম চাকমা জানান, হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরে ওমর ফারুক নামে এক ব্যক্তি মারা গেছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

এএস