ব্রিটেনে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
১০ দিনের সফর শেষে রাষ্ট্রপতি বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্লেইক, ডিপ্লোম্যাটিক কোরের ডিন মাহমুদ ইজ্জত, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারির রাষ্ট্রপতি যুক্তরাজ্যে গিয়েছিলেন।এর আগে গত বছরের আগস্টে চিকিৎসার জন্য লন্ডন যান আবদুল হামিদ। লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।
৭৩ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন।
এআইজে





