আড়াই বছর আগে রাজশাহী কেন্দ্রীয় উদ্যাণ ও চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া অজগর সাপটি উদ্ধার হয়েছে। সোমবার রাত ১১টার দিকে অজগরটি রাজশাহীর জেলা জজের বাংলো থেকে উদ্ধারের পর আবারও চিড়িয়াখানার খাঁচায় ছেড়ে দেওয়া হয়।
চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফরহাদ উদ্দিন জানান, প্রায় আড়াই বছর আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে অজগরটি উদ্ধার করে বন বিভাগ। পরে তা রাজশাহী চিড়িয়াখানায় দেয়া হয়। চিড়িয়াখানার খাচায় রাখার পর ২০১৫ সালের ২৪ এপ্রিল খাচার ছিদ্র দিয়ে পালিয়ে যায় অজগরটি। এরপর অনেক খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।
সোমবার রাত আটটার দিকে জেলা জজের বাংলোর ভেতরে আখ ক্ষেত থেকে অজগরটি বেরিয়ে আসে দেখেন নিরাপত্তা প্রহরীরা। এ সময় চিড়িয়াখানার কর্মকর্তাদের বিষয়টি জানালে তারা এসে সেটি উদ্ধার করেন। এরপর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল উপস্থিতিতে অজগরটি চিড়িয়াখানার খাঁচায় ছাড়া হয়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, অজগরটি পালানোর সময় প্রায় ১০ ফুট লম্বা ছিল। তখন এর ওজন ছিলো আট কেজির মত। গত আড়াই বছরে সাপটি বড় ও মোটাতাজা হয়েছে। এখন প্রায় ২০ ফুট লম্বা এবং ওজন হয়েছে প্রায় ২৫ কেজি।
এমএ





