শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ লাখ টাকার সোনাসহ মঙ্গলবার সকালে তিনজনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটকরা হলেন মো. হাফিজ (২৮), আবু বকর মিয়া (৪২) ও মো. ফারুক (২৮)।
আটক যাত্রীদের মধ্যে হাফিজ ও আবু বকর আজ সকাল পৌনে সাতটার ফ্লাইটে বাংলাদেশ বিমানে করে মালয়েশিয়ার কুয়ালালমপুর থেকে ঢাকা আসেন। আটক ফারুক অন্য একজনের কাছ থেকে সোনার চালান গ্রহণ করতে বিমানবন্দরে এসেছিলেন।
বিমানবন্দরের ১ নম্বর ক্যানপি থেকে এদের কাছ থেকে ১০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। এপিবিএনের দাবি, উদ্ধার হওয়া এই সোনার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার বলেন, সকাল সাড়ে আটটার দিকে তিনজনকে আটক করা হয়। প্রত্যেকের কাছে দুটি করে সোনার বার পাওয়া যায়।
কেএইচ





