সাভারে পৃথক ঘটনায় নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ  রবিবার সকালে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরুলিয়া ও ভাকুর্তা গ্রাম থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার মুনছুর আলী ও রবিউল আলমের রিকশার গ্যারেজের নিরাপত্তাকর্মী হেলাল উদ্দিনকে (৬০) বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে ইজিবাইক চুরি করেছে দুর্বৃত্তরা।

সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, সকালে কয়েকজন যুবক ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে যায়। পরে সকালে তিনি মারা যান। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সকালে বিরুলিয়া গ্রামের একটি বাড়ি থেকে শিরিনা নামে (১৮) এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ছাড়াও রাতের কোনো একসময় ভাকুর্তার শ্যাসমাসী এলাকায় অজ্ঞাতপরিচয় (২৪) এক যুবককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে সাভার থানা পুলিশ ৪ জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, একসঙ্গে ৪ জনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানান, কীভাবে ওই ৪ জনের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত চারজনের মধ্যে একজনের নাম জানা গেছে। বাকিদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় চারটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এমবি