লক্ষ্মীপুরে পদ শূন্য হওয়ার প্রায় ৬ মাসেও নিয়োগ হয়নি জেলা পরিষদের প্রশাসক।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেতে জেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ আলহাজ্ব সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম, সাবেক অতিরিক্ত সচিব সামছুল ইসলাম, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাহজাহান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী কেন্দ্রীয় পর্যায়ে জোর তদবির চালিয়ে যাচ্ছেন।

গত ৬ মাসেও নিয়োগ না হওয়ায় বিভিন্ন প্রার্থীর অনুসারী নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে হতাশা।

এ ব্যাপারে সদর উপজেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লা বলেন, মেধাবী ও দলের জন্য নিবেদিত একজন নেতাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার জন্য আমি জোর দাবি জানাই।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহিম বলেন, দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। জেলার উন্নয়ন ধারা আরো গতিশীল করতে ওই পদে জরুরি নিয়োগ প্রয়োজন। এ ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করি।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ