কিশোরগঞ্জের মিঠামইনে নিজের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও গরিব-অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে এই ফাউন্ডেশনটি উদ্বোধন করা হয়।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট তুলে দেন। পরে তিনি গরিব-অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

হাওর এলাকার শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পড়ালেখা করে শুধু ভালো রেজাল্ট অর্জন করলেই চলবে না, মানুষের মতো মানুষ হতে হবে। আমি সবসময় তোমাদের পাশে থাকব, সহযোগিতা করব। তবে তোমাদের দেশ ও হাওরের জন্য নিজেদের সর্বোচ্চটা দিতে হবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। যেন তোমাদের নিয়ে আমি গর্ব করতে পারি। তোমরা যদি নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারো, তাহলে এই হাওর আর অবহেলিত থাকবে না। সম্পদে ও মননে উন্নত হয়ে তোমরা দেশকে পথ দেখাবে।

আবদুল হামিদ বলেন, ২০১৩ সালে পাওয়া স্বাধীনতা পদকের দুই লাখ টাকা দিয়ে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। মানুষের সহযোগিতায় এ প্রতিষ্ঠানের ভিত্তি অনেকটাই মজবুত হয়েছে। আশা করি, এ ফাউন্ডেশন আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার অগ্রগতি, নারীর ক্ষমতায়নসহ সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, যে মহান কাজ শুরু হলো তা আমার মৃত্যুর পরও যুগের পর যুগ টিকে থাকবে। মিঠামইন থেকে শুরু করে জেলা, এরপর দেশ এমনকি দেশের গণ্ডি পেরিয়ে যাবে ফাউন্ডেশনের কার্যক্রম। মূলত মানুষকে সাহস ও সহযোগিতা দিতেই এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের সদস্য সচিব মো. আবদুল হক নূরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, লে. জে. মাহফুজুর রহমান, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারক আমির হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতির সামরিক সচিব শামীমুজ্জান, প্রেস সচিব জয়নাল আবেদিন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক ও মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম।

এমবি