নরসিংদীতে মাইক্রোবাস ও পাথরবাহী ট্রাকের সংঘর্ষে দুই চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. কলিমুল্লাহ (৫০), গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ডা. স্মৃতি কণা (৩৫), মাইক্রোবাস চালক মিজান (৩০)


আহতরা হলেন- ডা. মোস্তাফিজুর রহমান (৩২), জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. তানভীর (৩৫), ডা. বিজন চন্দ্র সাহা (৩০), তার মা অনিমা সাহা (৫৫) ও লাকী (১৮) নামে এক তরুণী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতি শুক্রবার ভৈরবের পদ্মা মেডিকেল অ্যান্ড ডাইগনস্টিক হাসপাতালে প্রাইভেট প্রেকটিস করতে ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিসৎকরা ভৈরবে আসেন।

সকাল ১০টার দিকে চিকিৎসকদের বহনকারী মাইক্রোবাসটি কুন্দারপাড়ায় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ডা. কলিমুল্লাহ ও মাইক্রোবাসের চালক মিজান নিহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে ডা. স্মৃতি কণার মৃত্যু হয়।

নরসিংদী জেলা হাসাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।