নোয়াখালীতে এক কলেজছাত্রকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে; গুলিবিদ্ধ হয়েছে তার সঙ্গী দুই ছাত্রলীগ নেতা।
সোমবার রাতে জেলা শহরের মাইজদী বাজারে নোয়াখালী সরকারি কলেজের পুরনো ক্যাম্পাস এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ফজলে রাব্বি রাজিব (২২) মাইজদী বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি নোয়াখালী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পর্বের ছাত্র।
গুলিবিদ্ধরা হলেন- কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ওয়াসিম (২৫) এবং ছাত্রলীগের জেলা কমিটির সদস্য মো. ইয়াসিন। আশঙ্কাজনক অবস্থায় তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, রাজিবকে মৃত অবস্থায় আনা হয়েছিল। অন্য দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, রাত পৌনে ৮টার দিকে রাজিব তার দুই বন্ধু ওয়াসিম ও ইয়াসিনকে নিয়ে পুরাতন কলেজ এলাকায় আসে। তখন সাজু নামে আরেক যুবক তাদের গুলি করে।
স্থানীয়রা জানায়, এলাকায় মাদক বিক্রি নিয়ে সকালে বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের আওয়ামী লীগ নেতা কুদরত উল্লার ছেলে সাজুর সঙ্গে রাজিবের কথা কাটাকাটি হয়েছিল। তখন সাজু রাজিবকে হুমকি দিয়ে যায়। রাতে সাজু সদলবলে এসে গুলি চালিয়ে যায়।
অনন্তপুর বেগমগঞ্জ উপজেলায় হলেও তা সদর উপজেলার মাইজদী বাজার এলাকা লাগোয়া।
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
এমবি





