জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দফা রোববার হরতালে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে কোন প্রভাব পড়েনি। বন্দরে সকল কার্যক্রম ও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দুদেশে যাত্রী পারাপার চালু রয়েছে। তবে যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম।
হরতালের কারণে হিলি থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।
ভারতে রপ্তানি পণ্য নিয়ে যাওয়া ট্রাকগুলো রোববার সকালে ভারত থেকে বাংলাদেশে ফিরে আসে এবং আমদানি পণ্য নিয়ে আসা ভারতীয় খালি ট্রাকগুলো বন্দর থেকে বের হয়ে ভারতে প্রবেশ করে।
বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, রোববার দুপুর ১২টা ৪৫ মিনিটে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন শুরু হয়।
হরতালে বাংলাহিলি বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, স্কুল-কলেজ খোলা রয়েছে। হিলি থেকে সকল রুটে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও স্থানীয় যানবাহন, ভ্যান, রিক্সা, ইজিবাইক চলাচল স্বাভাবিক রয়েছে। হিলি রেলওয়ে ষ্টেশন থেকে ছেড়ে গেছে সকল ট্রেন।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, হরতালে ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপারে ব্যাঘাত না ঘটলেও দূরপাল্লার যানবাহন চলাচল না করায় স্বাভাবিক দিনের চেয়ে যাত্রী সংখ্যা কম থাকে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দর ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসমুহে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবিও এলাকায় টহল দিচ্ছে।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





