কুষ্টিয়ার দৌলতপুরে বরাদ্দকৃত গমের টাকা আত্মসাৎ নিয়ে আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্যের গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় গোলাম বিশ্বাস (৬০), লওয়াব আলী (৫২), সকুল (৩২) লালান (২৫), ইন্তাদুল (৪০) ও হোসেন আলীকে (২৩) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিলগাথুয়া গ্রামের ইউপি সদস্য আবুল কালাম ওরফে কালাম মেম্বর রাস্তা সংস্কার বাবদ টিআর প্রকল্পের দুই মেট্রিক টন গম বরাদ্দ নিয়ে কাজ না করে সরকারি বরাদ্দের সমুদয় অর্থ আত্মসাৎ করে। সকালে এ বিষয় নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদুজ্জামান ফড়িংয়ের সঙ্গে কালাম মেম্বারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের ৩০-৩৫ জন দেশীয় অস্ত্র নিয়ে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঢাকা, ২৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই