পঁচিশটি রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন জোট গড়ে মাঠে আসছেন বহুল আলোচিত বিএনপির বহিস্কৃত নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।

তিনি জানিয়েছেন, পঁচিশ দলীয় জোট নিয়ে তিনি রাজনীতির মাঠে আসছেন নতুন করে। বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্স (বিএনএ) নামক এ জোটের ঘোষণা দেবেন। এ সময় জোটের শরিক নেতারাও উপস্থিত থাকবেন।

ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, তিনি দেশে সুশাসন, শান্তি ও স্থিতিশীলতার জন্য রাজনীতি করবেন। তার মূল দল বাংলাদেশ মানবাধিকার পার্টি। এ দলকে কেন্দ্র করে জোটের শরিকদের নিয়ে পজেটিভ রাজনীতি করা হবে।

মানবাধিকার পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আক্কাস আলী বলেন, পঁচিশটি রাজনৈতিক দল নিয়ে আমাদের নতুন জোট গঠন করা হয়েছে। বৃহস্পতিবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তিনি জানান, পঁচিশ দলীয় জোটের অন্য শরিকরা হচ্ছে- নাজিমউদ্দিন আল আজাদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি), মাহবুব আলমের নেতৃত্বাধীন বাকশাল, লায়ন আ. ছালামের নেতৃত্বাধীন কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), তফসিল জাতি ফেডারেশন, ওমর ফারুক শিকদারের নেতৃত্বাধীন জনতা শক্তি পার্টি, এম এ জলিলের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক লীগ, গণতান্ত্রিক আন্দোলন, মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টি, দিলিপ দাস গুপ্তর মাইনরিটি ইউনাইটেড ফ্রন্ট, শহিদ চৌধুরীর নেতৃত্বাধীন ইনসাফ পার্টি ও আব্দুল্লাহ জিয়ার নেতৃত্বাধীন ন্যাশনাল লেবার পার্টিসহ আরও কয়েকটি দল।

কেএইচ