২০১৬ সালকে ‘পরিচ্ছন্ন বছর’ হিসেবে ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মেয়র বলেন, ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য, সুন্দর ও রঙিন নগরী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পরিচ্ছন্নতার বৃহত্তর ধারণায় অন্তর্ভুক্ত থাকবে- পরিচ্ছন্ন ভাবনা, পরিচ্ছন্ন বসন, পরিচ্ছন্ন নগর ও পরিচ্ছন্ন জীবন। এ কর্মসূচি বাস্তবায়নে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
সাঈদ খোকন বলেন, পরিচ্ছন্ন নগরী গড়তে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, নগরবাসীর মানসিক পরিবর্তন আনা।
পরিচ্ছন্নতা বান্ধব জন অভ্যাস গড়ে তুলতে মেডিটেশন, যোগ ব্যায়াম ও শরীর চর্চার মতো কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে তিনি জানান।
এছাড়া সাদা শার্ট দিবস পালন করা হবে। নগরবাসী নির্দিষ্ট একদিন সাদা শার্ট পরে এ কর্মসূচিতে অংশ নেবে। মেয়র এর পাশাপাশি আরো কিছু পদক্ষেপ তুলে ধরেন।
তিনি জানান, পরিচ্ছন্ন নগরী গড়তে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু, শহরের সৌন্দর্য্য বর্ধন ও সবুজায়ন, সরকারি-বেসরকারি ভবন রঙ করা, সড়কের অবৈধ দখল উচ্ছেদ, আধুনিক পরিবেশ বান্ধব সড়ক বাতি স্থাপন, সূর্যাস্তের পর গৃহস্থালি আবর্জনা ফেলার সময় বাধ্যতামূলক করা, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উদ্যোগ নেয়া, সেবার মান মূল্যায়নের ব্যবস্থা ও বৃদ্ধি করা, হটলাইন চালু করা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় এর মধ্যে উল্লেখযোগ্য।
মেয়র বলেন, আমরা গণসচেতনতার জাগরণ ঘটাতে চায়। এজন্য এক ঘণ্টার জন্য হলেও এ কর্মসূচিতে একাত্ত হতে তিনি নগরবাসীর প্রতি আহবান জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, সমন্বয়হীনতার কারণে নগরীর উন্নয়ন কাজ বাধাগ্রস্থ হচ্ছে। এজন্য আগামী ২৭ ডিসেম্বর ২৭টি সংস্থার প্রধানদের সাথে নগর ভবনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
ওই সভার মাধ্যমে নগর সরকারের আদলে একটি সমন্বিত প্লাটফর্ম তৈরির পরিকল্পনা রয়েছে। টেকসই করতে আগামীতে নগরীর ২৫০ কিলোমিটার রাস্তা কংক্রিট দিয়ে তৈরির উদ্যোগ নেয়া হয়েছে বলেও মেয়র জানান।
সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সচিব খান মোহাম্মদ রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল মোঃ মাহবুবুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিন ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ‘পরিচ্ছন্ন বছর ২০১৬’ এর কর্মপরিকল্পনা উপস্থাপন করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কবির মাহমুদ।
এসএইচ





