আওয়ামী লীগের পতন ঘটাতে বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে জনপ্রশানসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে সরকারবিরোধী লিফলেট পাওয়া গেছে।

রোববার দুপুরে এই লিফলেট ছাড়ার পর সচিবালয়ের সাত নম্বর ভবনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৬২০ নম্বর কক্ষ থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

সচিবালয়ের ৬ নম্বর ভবনে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সভা হয়েছে।

৭ নম্বর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মূল কার্যক্রম পরিচালিত হলেও ৬ নম্বর ভবনেও এই মন্ত্রণালয়ের দুটি ফ্লোর রয়েছে।

আটকরা হলেন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা দৌলতুন্নেছা, অফিস সহকারী জিন্নাতুল করিম এবং অফিস সহায়ক (এমএলএসএস) মাহফুজুর রহমান ও সোয়েব খান।

সাংবাদিকদের সামনেই বিকাল পৌনে ৫টার দিকে গোয়েন্দা পুলিশের গাড়িতে করে চারজনকে সচিবালয় থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

এই বিষয়ে জানতে চাইলে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনিচুর রহমান বলেন, “এখনও বলার মত কিছু হয়নি, কিছু বলার থাকলে আমি আপনাকে জানাব।”

আটক সোয়েব গোয়েন্দা পুলিশের গাড়িতে থাকা অবস্থায় বলেন, “আমাদের কক্ষ থেকে সরকার বিরোধী লিফলেট নিচে ফেলা হয়েছে, একথা বলে পুলিশ আমাদের ধরেছে।” 

আটক চারজনই দাবি করেন, এই প্রচারপত্র ওপর থেকে ফেলার সঙ্গে তারা জড়িত নন। 

কর্মকর্তা-কর্মচারীদের আটকের বিষয়ে জানতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সচিবালয়ে কর্মরত গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানান, আটককৃদের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে করণীয় নির্ধারণ করা হবে।

‘দেশপ্রেমিক সরকারি কর্মকর্তা-কর্মচারী’ ব্যানারে ‘লালসা আর হিংসায় উন্মত্ত হাসিনা ও আওয়ামী দুঃশাসন-দুর্বৃত্তায়নে বিপন্ন মানবতা ও মাতৃভূমি রক্ষায় উদাত্ত আহ্বান’ শিরোনামে বেশ কয়েকটি লিফলেট উদ্ধার করে পুলিশ।

এসএইচ