কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী, নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসাইন (৬৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকাল নয়টার দিকে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
জানা যায়, গত শুক্রবার বেলা তিনটার দিকে কুষ্টিয়া শহরের বটতৈল মোড়ে বাসের সাথে তার মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়ে জ্ঞান হারান।
সেখান থেকে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ইডেন হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে পরে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে রেফার্ড করা হয়। জ্ঞান হারানো অবস্থায় তিনি মঙ্গলবার সকাল ৯টা পনের মিনিটে ইন্তেকাল করেন।
মরহুম দেলোয়ার হোসাইন কুষ্টিয়া জেলা শিবিরের প্রথম সভাপতি ছিলেন, এছাড়াও কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর প্রায় দেড় যুগ আমীর ও সর্ব শেষে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হিসেবে দায়ীত্ব পালন করেছিলেন।
কর্ম জীবনে এই মহান ব্যক্তি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। গত তিন বছর পূর্বে শিক্ষকতা থেকে অবসর নিয়ে বিভিন্ন সামাজিক ও সেবা মূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত আল ফালাহ এতিমখানার সভাপতি, কাজী মিয়াজান জনকল্যাণ ট্রাষ্ট এর সভাপতিসহ বহু সেবা মূলক কর্মকান্ডের সাথে নিজেকে যুক্ত রাখতেন।
তিনি ইসলামী সমাজ কল্যাণ সংস্থার কুমারখালী উপজেলা প্রতিষ্ঠাতা সভাপতির দায়ীত্ব পালনে খ্যাতি অর্জন করেন।
সাবেক শিক্ষাবিদ, সমাজ সেবক সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোহাম্মদ দেলোয়ার হোসাইন মৃত্যুকালে ৪ ছেলে ১ মেয়ে স্ত্রী নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ঢাকা থেকে তার লাশ শহরের কুন্ডুপাড়া বাসায় নিয়ে আসা হলে এক হ্রদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
মঙ্গলবার বাদ মাগরিব কুমারখালী বড় জামে মসজিদ ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ এ. কে. এম খন্দকার আলী মহসিন, সিনিয়র নায়েবে আমির ফরহাদ হুসাইন, জেলা সহকারী সেক্রেটারী হা. রফিক উদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারি, মিরপুর জামায়াতের আমির, মিরপুর সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর, ঝিনাইদহ জেলা জামায়াতের আমির, খোকসা উপজেলা আমির, কুমারখালী উপজেলা জামায়াতের আমির সোহরাব উদ্দিন, সেক্রেটারি , সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলহাজ্ব আনসার প্রামানিক, থানা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভুকেট কুতুবুল আলম নতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর জামায়াতের আমির আফজাল হুসাইন, পৌর সেক্রেটারি রবিউল ইসলাম, বাগুলাট ইফপির সাবেক চেয়ারম্যান মা.শামসুদ্দিন আহমোদ, সদকী ইফপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সহ জানাজায় প্রচুর সংখ্যক মুসল্লির সমাগম ঘটে।
পরে তার গ্রামের বাড়ী সোন্দাহ জামে জসজিদে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, সাবেক শিক্ষাবিদ, সমাজ সেবক সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোহাম্মদ দেলোয়ার হোসাইনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির খন্দঃ এ কে এম আলী মহসীন, নায়েবে আমির ফরহাদ হোসাইন, সেক্রেটারী আবুল হাশিম, কুমারখালী উপজেলা আমির সোহরাব উদ্দিন, পৌর আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন, জামায়াত নেতা ও কলামিষ্ট হাফেজ রফিক উদ্দিন আহমাদ, কুষ্টিয়া জেলা শিবির, কুমারখারী উপজেলা শিবির প্রমূখ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার পরিবারকে ধৈয্য ধরার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।
সোহাগ/এমবি





