নড়াইলের লোহাগড়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রাকিব শেখ (৩০) নামে এক ডকাত নিহত হয়েছে। শুক্রবার (১০ জুন) রাত আড়াইটার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় লোহাগড়া থানার এএসআই খান মিজান, কনস্টেবল আব্দুল কাদের, তরিকুল ও মোকারবি আহত হয়েছেন। নিহত রাকিব লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামের মকলেস শেখের ছেলে। পুলিশ জানিয়েছে তার নামে লোহাগড়া, নড়াইল এবং গোপালগঞ্জের কাশিয়ানী থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে অন্তত ১২টি মামলা রয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, দিঘলিয়া দক্ষিণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ঘটনাস্থলে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখাযায়। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তবে,রাকিবের সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি, একটি চাইনিজ কুড়াল ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাকিবের লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এআই