রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ছিনতাইকারীদের গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম অনন্ত বিশ্বাস (২৮) তিনি গাইবান্ধা সদর উপজেলার অনিলচন্দ্র বিশ্বাসের ছেলে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

অনন্তের স্ত্রী কাকলি বিশ্বাস জানান, গাইবান্ধা থেকে একটি বাসে রোববার সকালে কুড়িল বিশ্বরোডে নামেন তারা। পরে রিকশায় করে বাসায় ফেরার পথে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে পৌঁছালে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে।

ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ৩ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিলে তার স্বামী অনন্ত বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা অনন্তের মাথায় আঘাত করে।

অনন্ত মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, লাশ মর্গে রাখা হয়েছে।

এআই