রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া সড়কে ট্রাকচাপায় আবদুর রাজ্জাক (৫৯) নামের এক বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রাজ্জাক নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির পুঠিয়া-১ নম্বর জোনের এজিএম এবং সিরাজগঞ্জের পুষ্টিগাছা এলাকার আমজাদ হোসেনের ছেলে।

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনির হোসেন জানান, সকালে ঢাকা-রাজশাহীর কাঁঠালবাড়িয়ায় সড়ক পারাপারের সময় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আবদুর রাজ্জাককে একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

এসময় রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য বর্তমানে তার মরদেহ রামেক মর্গে রাখা হয়েছে।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আবদুর রাজ্জাককে ঢাকা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-২৭৩৮) ধাক্কা দিয়েছে। বর্তামানে চালকসহ ওই ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

এমই