সারা দেশে সংঘটিত যিনা, ব্যভিচার, ধর্ষণ ও খুন বন্ধের দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমমনা ইসলামী দলগুলো।

শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সম্মিলিত ইসলামিক দলের ব্যানারে এই সমাবেশ হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষণ বন্ধের আইন আছে কিন্তু ধর্ষণ বন্ধ হয়নি। ধর্ষণ যিনা-ব্যভিচার বন্ধ করতে ইসলামী আইন প্রণয়ন করতে হবে।

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর আমির ও সম্মিলিত ইসলামিক দলের সমন্বয়ক মাওলানা নূর হোসাইন কাসেমি বলেছেন, সরকার যদি দেশে খুন, ধর্ষণসহ বিভিন্ন অপকর্ম বন্ধ করতে না পারে তাহলে আমরা তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। সরকার নানাভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর থেকে উত্তরণের জন্য সকল দলের কাছ থেকে পরামর্শ নেয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূর হোসাইন কাসেমি আরও বলেন, সারাদেশ ধর্ষণের রাজ্যে পরিণত হয়েছে। যারা এ অপকর্মের সঙ্গে জড়িত তারা সরকারি দলের বিভিন্ন পদ-পদবি বহন করে। এ সময় ধর্ষণ প্রতিরোধে তিনি সরকারের কাছে ৬ দফা দাবি তুলে ধরেন।

সমাবেশে বিভিন্ন ইসলামি দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এমবি