সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নৈকাটি গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই দুই শিশু হলো নৈকাটি গ্রামের শফিকুল গাজীর ছেলে রবিউল ইসলাম গাজী (৬) ও হরিপদ মণ্ডলের মেয়ে ফাল্গুনি মণ্ডল (৭)।
হরিপদ মণ্ডল জানান, আজ সকাল ১০টার দিকে শফিকুল গাজীর পুকুরে গোসল করার সময় তারা ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে দুই ঘণ্টা পর জাল দিয়ে পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। রবিউল ও ফাল্গুনি স্থানীয় আহ্ছানিয়া মিশন বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।
কৈখালী ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জি এম আজগর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুটির লাশ দাফন করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান, তাঁরা এ ধরনের কোনো খবর পাননি।
এমআর





